দেবযানীকে দায়িত্ব থেকে অব্যাহতি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ১৭:১২
 
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দেশটি। শনিবার এনডিটিভির এক খবরে এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করা হয়। 
এএফপি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের বরাত দিয়ে জানায়, খবরটি সঠিক। তাকে যে ‘কমপালসরি ওয়েটে’ রাখা হয়েছে তা সত্য।” দেবযানিকে প্রশাসনিক তদন্তের মুখোমুখি হতে হবে। 
কমপালসরি ওয়েটের অর্থ দেবযানি মন্ত্রণালয়ের চাকরিতে বহাল থাকবেন। কিন্তু নির্দিষ্ট কোন দায়িত্বে থাকবেন না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তিনি এখতিয়ার বহির্ভুত বিষয় নিয়ে গণমাধ্যেমে  কথা বলায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।
সম্প্রতি এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে দেবযানী গত বছর যুক্তরাষ্ট্রে গ্রেফতার ও বিবস্ত্র করে তল্লাশি চালানোর মাধ্যমে হেনস্তা করার বিষয়ে কথা বলেন। 
যুক্তরাষ্ট্রে ভারতের ডেপুটি কনসাল জেনারেলের দায়িত্ব পালনকালে গৃহকর্মীর সঙ্গে অসদাচরণের কারণে দেবযানিকে গত ডিসেম্বরে নিউইয়র্কে গ্রেফতার ও তার দেহ তল্লাশি করা হয়।
 দেবযানি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। কিন্তু তবুও তাকে দিল্লী ফিরে আসতে হয় এবং এ ঘটনাকে কেন্দ্র করে ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েন চলে। 
এছাড়া এ ঘটনাকে কেন্দ্র করে ভারতে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলকে পদত্যাগ করতে হয়। 
খবরে বলা হয়, অনুমতি না নিয়ে সংবাদ মাধ্যমকে সাক্ষাতকার দেয়া এবং তার সন্তানদের মার্কিন পাসপোর্ট থাকার বিষয়টি প্রকাশ না করার কারণে তাকে বর্তমান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। 
দু’সন্তানের মা খোবরাগাড়ে এনডিটিভি নিউজ চ্যানেলের সঙ্গে তার গ্রেফতার ও তল্লাশি নিয়ে কথা বলেন। এ সময়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে জন্ম নেয়ায় তার সন্তানেরা মার্কিন নাগরিক হিসেবে বিবেচিত। মন্ত্রণালয় এ কথায় বিস্মিত হয়। এর এক সপ্তাহের মধ্যে তার এ পদক্ষেপ নেয়া হলো।
দেবযানিকে ২০১৩ সালের ডিসেম্বরে গ্রেফতারের এক মাস পর সমঝোতার মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়। ভিসা আবেদনে গৃহকর্মীর যে বেতন দেয়ার কথা ছিল বাস্তবে অনেক কম দেয়ার কারণে তাকে গ্রেফতার করা হয়।