চটগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীর ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। শনিবার বিশ্ববিদ্যালয় কলা অনুষদ ও সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের পেছনে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন- এফ রহমান হলের নিরাপত্তা প্রহরীর ছেলে আব্দুর রহমান এবং সমাজতত্ত্ব বিভাগের মাষ্টার্সের পরীক্ষার্থী মো. শাহজাহান।
বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে কলা অনুষদের ওয়ার্ড কোটার সাক্ষাতকারে অংশ নিয়ে বের হলে ছাত্রলীগ নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এতে আব্দুর রহমানের মাথায় আঘাত পান। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
এদিকে বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগের মাষ্টার্সের পরীক্ষায় অংশ নিয়ে হলে ফেরার পথে সমাজবিজ্ঞান অনুষদের পেছনে শাহজাহান নামের একজনের উপর হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা।
চবি ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারীরা এই ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের এই নেতা বলেন, ‘আব্দুর রহমানকে আমাদের ছেলেরা মারেনি। তবে শাহ জাহান আল্ওাল হলের শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিল তাই আমাদের ছোট ভাইরা মেরেছে ।’
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌলা বলেন, ‘এফ রহমান হলের প্রহরীর ছেলেকে মারধরের ঘটনা শুনেছি। বিষয়টির মীমাংসা করা হয়েছে। তবে শাহ জাহান নামের কারো উপর হামলা হয়েছে কিনা জানা নেই।’
