জলবায়ু পরিবর্তন সম্পর্কে জনসাধারণকে সহজ ভাষায় বোঝানোর মাধ্যমে সম্ভাব্য ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব বলে মনে করেন বিশেজ্ঞরা। তারা বলছেন, এক্ষেত্রে গণমাধ্যম অন্যতম ভূমিকা পালন করতে পারে। জনগণ যেন দক্ষতার সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন তাও নিশ্চিত করা সম্ভব। তৃণমূল পর্যায়ের জলবায়ু পরিবর্তন ঝুঁকি এড়াতে হলে পুরো প্রশাসনকে পরিবেশ নিয়ে সক্রিয়ভাবে ভাবতে হবে। গণমাধ্যম সামনে থেকে প্রশাসনের উপর চাপ প্রয়োগ করতে পারে।
শনিবার রাজধানীর কাওরান বাজারে দ্য ডেইলি স্টার ভবনে ‘দ্য মিডিয়া অ্যালায়েন্স’ আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন রোধে জনসচেতনতা-বাংলাদেশে গণমাধ্যমের কার্যকরী ভূমিকা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম, ডেভেলপমেন্ট মিডিয়া লিমিটেড, বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন -এর যৌথ আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে। এর আগে এশিয়া অঞ্চলের জলবায়ু পরিবর্তন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় হংকং, সিঙ্গাপুর, ম্যানিলা, হ্যানয় এবং ব্যাংককে। এরই ধারাবাহিকতায় ঢাকায় অনুষ্ঠিত হয় ষষ্ঠ আয়োজন। বাংলাদেশে কিভাবে গণমাধ্যম, সামাজিক, মানবিক, পারিবেশিক এবং টেকশই উন্নয়নের বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে তা সেমিনারে আলোচিত হয়।
