ডিসেবিলিটি ও কর্মসংস্থান বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য বাজেট শুধু সমাজকল্যাণ মন্ত্রনালয়ের অধীনে না রেখে সকল মন্ত্রণালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের কার্যক্রম অনুযায়ী পরিকল্পনা প্রনয়ণ ও বাজেট বরাদ্দ করতে হবে। সেই সঙ্গে তৃণমূল ও স্থানীয় পর্যায় থেকে জাতীয় সংসদ পর্যন্ত সকল পরিকল্পনা প্রনয়ন, সিদ্ধান্তগ্রহণ ও বাস্তবায়নে প্রতিবন্ধী নারী পুরুষের অংশগ্রহণ নিশ্চিত করণে অনতিবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
শনিবার ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে ‘বাংলাদেশ ভিস্যুয়েলি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি’র (ভিপস) আয়োজনে ডিসেবিলিটি ও কর্মসংস্থান বিষয়ক এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন। বাংলাদেশ ভিস্যুয়েলি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির (ভিপস) উদ্যোগে সাইটসেভার্স ও ইউরোপিয়ান ইউনিয়ন আরোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু বলেন, অস্বচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ২৪০ কোটি টাকা ভাতা বরাদ্দ করা হয়েছে। প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বাবদ ২৫ কোটি ৫৬ লাখ টাকা এবং দেশব্যাপী ৭৩টি সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। যা অতিশীঘ্রই ১০৩ এ উন্নিত করা হবে। যেখানে ফিজিওথেরাপি, স্পিসথেরাপিসহ অন্যান্য সহযোগিতা প্রদান করা হবে। ১৪-১৫ অর্থবছরে প্রতিবন্ধীতা খাতে ৬৭ দশমিক ৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সভায় বক্তারা সুপারিশ জানিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিধি প্রনয়ন করা আইনের ধারা ৩১ ও ৩৬ গেজেট প্রজ্ঞাপন দ্বারা যথাশিগগির কার্যকর করতে হবে। রাষ্ট্রিয় পর্যায়ে একটি বিষেশায়িত বহুমুখী দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ইসস্টিটিউট অনতিবিলম্বে গঠন করতে হবে যাতে করে প্রতিবন্ধী ব্যক্তিরা বিভিন্ন কর্মসংস্থানে সাফল্যের সাথে কাজ করে ব্যক্তিগত এবং রাষ্ট্রিয় আর্থ-সামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনে অংশগ্রহণ করতে পারে।
আলোচনা সভায় ভিপসের সভাপতি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন মজুমদার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ভিপসের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক নিউরোডেভেলপমেন্ট ডিসেবিলিটি প্রটেকশন ট্রাস্ট এর যুগ্ম সচিব সুশান্ত কুমার প্রামানিক, সমাজকল্যাণ মন্ত্রণালয়, যুগ্ম সচিব এ কে ফজলুল হক, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় উপ-সচিব এবিএম মশিউর রহমান প্রমুখ।
