স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদের আন্দোলনের হুমকি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৪, ২১:৫২



জাতীয় বেতন স্কেলে বেতন প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

জাতীয় বেতন স্কেল প্রদান, ইবতেদায়ি নীতিমালা চূড়ান্ত করা, প্রাথমিক বিদ্যালয়ের মতো সুযোগ-সুবিধা প্রদান ও বন্ধ রেজিস্ট্রেশন পুনরায় চালু করা না হলে ২২ ফেব্রুয়ারি থেকে সারাদেশে ইবতেদায়ি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে ধর্মঘট পালনের হুঁশিয়ারি দেয়া হয় এ কর্মসূচি থেকে।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি এসএম জয়নুল আবেদীন জেহাদী বলেন, দেশে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ছয় হাজার ৮৯২টি। এর মধ্যে সরকারি অনুদানপ্রাপ্ত মাত্র এক হাজার ৫১৯টি। স্বতন্ত্র বেতন স্কেল না থাকায় ৩৪ হাজার ৪৬০ জন শিক্ষক মানবেতর জীবনযাপন করছেন।  ২০১৩ সালে সরকার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের জাতীয়করণ করলেও ইবতেদায়ি শিক্ষকদের করেনি। ২০১৩ সালে সরকার ১ হাজার ৫১৯টি মাদ্রাসার ৭ হাজার ৫৯৫ জন শিক্ষককে বেতন ও মহার্ঘ্য ভাতা ১ হাজার ২শ’ টাকা করে।

সংগঠনের মহাসচিব মো. শামছুল আলম বলেন, প্রধানমন্ত্রী ২০১১ সালের ১১ মে ইবতেদায়ি শিক্ষকদের জাতীয় স্কেল প্রদানে মন্ত্রণালয়কে নির্দেশ দেন। কিন্তু তিন বছরেও প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়িত হয়নি।