খালেদা জিয়ার সমাবেশ প্রতিহতের ঘোষণা ছাত্রলীগের

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ০০:০৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তারেক রহমানের কটূক্তিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে ছাত্রলীগ। তা না হলে দেশের কোথাও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সমাবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেয়া হয়। লন্ডনে বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রেক্ষিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বাংলাদেশে সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। এই দায়িত্ব ছাত্রলীগকেই পালন করতে হবে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, তারেক রহমান উম্মাদ পাগল। যে দুর্নীতির দায়ে মুচলেকা দিয়ে দেশের মাটি থেকে বিদেশে পালিয়ে থাকে, তার কাছ থেকে এর চেয়ে ভালো বক্তব্য আশা করা যায় না।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তা অবিলম্বে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তাকে (তারেক রহমান) বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। তা না হলে যেখানেই খালেদা জিয়া সমাবেশ করবেন সেখানেই ছাত্রলীগ সমাবেশ ডাকবে। তাকে প্রতিহত করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউসার, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার, মাহমুদ হাসান রিপন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুর হায়দার চৌধুরী রোটন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে এসে তারেক রহমানের কুশপুত্তলিকা পুড়িয়ে শেষ হয়।
গাজীপুরে খালেদাকে প্রতিহতের ঘোষণা
গাজীপুর প্রতিনিধি জানান, তারেক জিয়া জাতির কাছে ক্ষমা না চাইলে আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিএনপির সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে গাজীপুর মহানগর ছাত্রলীগ। সমাবেশে যোগ দেয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারও।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে কটূক্তির প্রতিবাদে গতকাল শনিবার বিকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ। সমাবেশ শেষে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা মঈন হোসেন মোল্লা, কাজী মো. সাকির, ইমরান সরকার বাবু প্রমুখ। পরে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিকে একই সময়ে জেলা ছাত্রলীগও শহরের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে তারেক রহমানের কুশপুত্তলিকা পোড়ায়। এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান আরিফ, জেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, মোস্তাক আহমেদ কাজল, আমিনুল ইসলাম দর্জি, আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।