কথায় বলে খরিদ্দার লক্ষ্মী। খরিদ্দার টানতে বিজ্ঞাপনের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করে বিভিন্ন প্রতিষ্ঠান। তাদের জন্য থাকে বিভিন্ন অফারের ছড়াছড়ি। কিন্তু কেউ কি শুনেছে যে খরিদ্দার তাড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ভীড় সামাল দিতে পেপার স্প্রেও করা হয়েছে!
ঘটনাটি অসম্ভব মনে হলেও বাস্তবে ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলোডোতে। একটি বহুজাতিক সংস্থার জুতো বাজারে আসছে আগামী সপ্তাহে। খবর শুনেই বাজার গরম হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে সরাসরি কেউ জুতা কিনতে পারবেন না। আগে থেকে টিকেট কিনতে হবে। সেই টিকেট নিয়ে ঢুকতে হবে দোকানে। বুধবার টলেডোর ফ্রাঙ্কলিন মলের সামনে সকাল ৬টা থেকে তাই লেগে গেল ক্রেতাদের ভীড়। ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। সবার চাই টিকেট। বেলা একটু বাড়তেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কোম্পানির কর্মীরা বার বার মাইকে সবাইকে সংযত হবার আহ্বান জানালেও কোনও ফল পাওয়া যায়নি। বেগতিক বুঝে পুলিশ তলব করা হয়। পুলিশ এসেও পরিস্থিতি সামাল দিতে পারছে না। কত মানুষ ঠেকাবে পুলিশ! সবার চাই টিকেট। অবশেষে জনতাকে ছত্রভঙ্গ করতে কয়েকবার পেপার (মরিচের গুড়া) স্প্রে করে পুলিশ। যন্ত্রণা থেকে বাঁচতে পালিয়ে যায় ক্রেতার দল। হাফ ছেড়ে বাঁচে কোম্পানির লোকজন। -সিএনবিসি
