মাকসুদুল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৪:৫৮
 
পাটের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী প্রফেসর ড. মাকসুদুল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। রবিবার পৃথক পৃথক বার্তায় তারা এই শোক প্রকাশ করেন। খবর: বাসসের।
শোক বার্তায় রাষ্ট্রপতি আবদুল হামিদ কৃষি বিজ্ঞানে মাকসুদুল আলমের অবদানের কথা স্মরণ করে বলেন, তার মৃত্যু জাতির জন্যে এক অপূরণীয় ক্ষতি।
এসময় আবদুল হামিদ তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শোক বার্তায় বলেন, মাকসুদুল আলমের অকাল মৃত্যু বাংলাদেশের জন্য এবং বিজ্ঞান শিক্ষা ও গবেষণা বিশেষ করে শস্য বিচিত্রকরণের ক্ষেত্রে এক বিরাট ক্ষতি।
এসময় তিনি মাকসুদুল আলমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের প্রফেসর ড. মাকসুদুল আলম শনিবার যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন মেডিক্যাল চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।