লন্ডনে বসে ‘মানহানিকর’ ও ‘রাষ্ট্রদ্রোহমূলক’ বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বগুড়ার একটি মামলা হয়েছে। রবিবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফী হিরো বাদী হয়ে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।
বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ মামলাটি তদন্ত করে ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলায় আরজীতে বাদী উল্লেখ করেছেন, গত ১৫ ডিসেম্বর তিনি লন্ডনে এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ বলেন এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখামাত্র ‘রাজাকার’ বলার পরামর্শ দেন। তার এই বক্তব্য মানহানিকর ও রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র। এতে বাদী ও তার সংগঠনের ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
বাদী ও স্বাক্ষীরা ১৭ ডিসেম্বরে দেশে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে তারেক রহমানের এসব বক্তব্য জানতে পারেন। আসামির এসব বক্তব্যে দেশের কোটি কোটি জনগণ মানসিকভাবে আহত হয়েছেন বলেও বাদী তার আরজিতে উল্লেখ করেছেন । ফলে এ মামলাটি দায়ের করেছেন বলে তার অভিযোগে উল্লেখ করা হয়।
