আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে বেগম খালেদা জিয়ার সভাস্থলে ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানকে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা অথবা বেগম খালেদা জিয়া গাজীপুরে আসতে চাইলে তারেক রহমানকে দল থেকে বহিষ্কারের আল্টিমেটাম দিয়েছে। রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মলনে এই ঘোষণা দেয়া হয়।
লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো: দেলোয়ার হোসেন বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গত ১৬ ডিসেম্বর কটূক্তি করেন। পরাজিত পাকিস্তানির মুখের বুলি আজ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের মুখে। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রথম শহীদদের পবিত্র মাটি গাজীপুরের মানুষ মেনে নিতে পারে না। তাই গাজীপুর জেলা ও মহানগর শাখা ছাত্রলীগ আগামী ২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করছি।
তিনি বলেন, ১৬ ডিসেম্বর লন্ডনে দেয়া তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে অথবা বেগম খালেদা জিয়া যদি গাজীপুরের মাটিতে আসতে চান তবে তারেক রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে।
সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম দীপ, সায়মন সরকার, মইনুল হোসেন মোল্লা, কাজী মোঃ শাকির, জেলা ছাত্রলীগের মোঃ কাউসার শেখ কামাল, মোঃ খন্দকার ফাহিম, মোঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভার নির্ধারিত তারিখ রয়েছে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।
