তিউনিসিয়ায় রবিবার দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ২০১১ সালে ‘আরব বসন্তের’ পর এই প্রথমবারের মতো দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। দেশটিকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়। দেশটির সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা ওই আন্দোলন পরে ওই অঞ্চলের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
এর আগে ২৩ নভেম্বর রবিবার প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে কোন প্রার্থী প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোট নেয়া হচ্ছে। প্রথম দফার নির্বাচনে ইসলাম বিরোধী নেতা বেজি কাইদ ইসেবসি সবচেয়ে বেশি ৩৯ শতাংশ ভোট পান।
প্রথম দফার নির্বাচনে ২৫ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে দ্বিতীয় দফায় ধর্মনিরপেক্ষ নিদা টাওনেস পার্টির ইসেবসি বর্তমান নেতা মুনসেফ মারজুকির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, রবিবার সকালে ভোট শুরু হয়। আগামীকাল সোমবার কিংবা বুধবার ভোটের ফলাফল ঘোষণা করা হতে পারে।
আরব বসন্তের মাধ্যমে প্রেসিডেন্ট জয়নাল আবেদিন ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক পালাবদলের অংশ হিসেবে এ নির্বাচন হচ্ছে। গত অক্টোবরে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
