৫ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তিতে বিএনপি জামায়াত কোন অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করলে তা কঠোর হাতে দমন করা হবে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪-দলের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, আর কোনো অরাজকতা সহ্য করা হবে না। ২০ দলীয় জোট গণতন্ত্র বিরোধী কোন কর্মসূচি দিলে প্রশাসনিক ও রাজনৈতিকভাবে তা মোকাবেলা করা হবে। আওয়ামী লীগসহ ১৪ দলের পক্ষ থেকে আগামী ৫ জানুয়ারি দেশে গণতন্ত্র রক্ষা দিবস পালন করা হবে।
রবিবার দুপুরে সিরাজগঞ্জে জেলা আইন শৃংখলা ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এসব কথা বলেছেন।
আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন অবধারিত ছিল। এ নির্বাচন না হলে দেশে সামরিক শাসন জারি হতো। গণতন্ত্র, জাতীয় সংসদ ও উন্নয়ন বাধাগ্রস্ত হতো। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশ বিদেশের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দশম জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছেন। নির্বাচন পরবর্তী গঠিত সরকারের সঙ্গে চীন, জাপান ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ কাজ করছে। তিনি বলেন, বর্তমান সরকার জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী ৫ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তিতে বিএনপি যাতে নতুন করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীদের দমনে কারও কোন ধরনের শৈথিল্য সহ্য করা হবেনা।
সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন। এ সময় সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের এমপি গাজী ম. ম আমজাদ হোসেন মিলন, সংরক্ষিত মহিলা আসনের এমপি সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, সিরাজুল ইসলাম খান, আবু ইউসুফ সূর্য, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট বিমল কুমার দাস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সবাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের প্রধানবৃন্দ, বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজীপুর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত শহীদ এম মনসুর আলী স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসাবে পুরস্কার বিতরণ করেন।
আইন শৃংখলা কমিটির সভায় উপস্থিত সকলস্তরের কর্মকর্তাদের স্মরণ করিয়ে নাসিম বলেন, নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি তার যুদ্ধাপরাধী মিত্র জামায়াতকে সঙ্গে নিয়ে ২০ দলীয় জোট দেশে যে অরাজকতা সৃষ্টি করেছিল, তা মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশবাসীর সহযোগিতায় ব্যর্থ করে দেয়া হয়েছে। সে সময় আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট শুধু সাধারণ মানুষকেই হত্যা করেনি, তারা আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদেরকেও হত্যা করে এক কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছিল। তাদের হত্যা, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড দেশবাসীকে নতুন করে ১৯৭১ সালের পাক হানাদার বাহিনীর নৃশংসতার কথা মনে করিয়ে দিয়েছিল।
