সার্ক অঞ্চলের উন্নয়নে জ্বালানি সহযোগিতা অপরিহার্য

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ১৮:১৭
 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সার্ক অঞ্চলে সুষম উন্নয়নের জন্য পারস্পারিক জ্বালানি সহযোগিতা অপরিহার্য। এ অঞ্চলের দেশগুলোকে নিয়ে ‘জ্বালানি বলয়’ সৃজনের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
রবিবার ঢাকার একটি হোটেলে ‘সার্ক এনার্জি রেগুলেটর’দের প্রথম সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আঞ্চলিক পাওয়ার মার্কেট (জ্বালানি বাজার) সৃজন ও প্রসার করার জন্য জ্বালানি সংরক্ষণ এবং জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি, জল বিদ্যুৎ, নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানি সম্পদের উন্নয়নের উপর গুরুত্বারোপ করেন।
 ২১ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত এ সভায় সার্কভুক্ত দেশের এনার্জি রেগুলেটর’দের প্রতিনিধিরা অংশ গ্রহণ করছে।
জ্বালানি ও খনিজ সম্পদ সচিব আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান বক্তব্য রাখেন।