ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে আন্দোলনরত ১৬ ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। পরে তাদেরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড চায় পুলিশ। তবে আদালত তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
রবিবার সকালে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে শুরু করেন দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে আন্দোলনরতরা। এ সময় পুলিশ তাদেরকে বাধা দেয় এবং ১৬জনকে আটক করে।
আটককৃতরা হলেন- সাজ্জাত হোসেন ও রাতুল (রাজউক), শফিকুল (ইমপেরিয়াল কলেজ), তামজীদ ইবনে কবির ও সাজ্জাত (নটরডেম কলেজ), লিমন সরদার (বিএমআরটি কলেজ), শাকিল (কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ)। এছাড়াও রয়েছেন জামিউল, ইসমাঈল, রাসেল, রাকিব, সাইফুল, রাফাত, তাহসিন, শাহরিয়ার ইমতিয়াজ ও শাকিল। এরা কোন কলেজের ছাত্র তা জানা জায়নি। এরা সবাই এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল বলে জানা যায়।
শিক্ষার্থীদের আটক সম্পর্কে শাহবাগ থানা পুলিশের তদন্ত কর্মকর্তা হাবিল হোসেন বলেন, তারা ক্যাম্পাসের শিক্ষার্থী না হয়েও ক্যাম্পাসে সাধারণ মানুষের যাতায়াত ও যানচলাচলে প্রতিবন্ধকতা করতে কোনো কার্যক্রম করতে পারে, তাই ক্যাম্পাসে বিশৃঙ্খলা এড়াতে সন্দেহভাজন হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে ৫৪ ধারায় আটক দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ রিমান্ড চাইলে আদালত তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আন্দোলনরতরা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। ১৬ জনকে আটক করে পুলিশ। পরে আন্দোলনকারীরা আবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়। বেলা দেড়টার দিকে তারা প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের সাথে একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে মিছিলটি ভিসির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আন্দোলনকারীরা ভিসির কার্যালয়ে প্রবেশ করতে চাইলে কার্যালয়ের প্রধান ফটকে বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে প্রগতিশীল ছাত্রজোটের কয়েকজন নেতা ভিসির সঙ্গে কথা বললে তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন এবং সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলেও জানান ভিসি।
ভিসির সাথে দেখা করতে যাওয়া ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সভাপতি মনোয়ার হোসেন মাসুদ বলেন, আমরা ভিসি স্যারের সাথে দেখা করেছি। তিনি (ভিসি) আমাদের বলেন, তোমরা আন্দোলন করতে (প্রগতিশীলদের ছাত্রজোট) পার এবং অধিকারও রয়েছে কিন্তু এরাতো (আন্দোলনরত শিক্ষার্থী) বহিরাগত। এরা আন্দোলন করতে পারে না, আবার ক্যাম্পাসে আসলে গ্রেফতার করা হবে।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আটককৃত সকলকে অবিলম্বে ছেড়ে দিতে হবে, নইলে নতুন কর্মসূচি দেয়া হবে। সন্ধ্যায় আটককৃতদের ছেড়ে দেয়ার দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এএম আমজাদ বলেন, আন্দোলনকারীদের বারবার অনুরোথ করা হলেও কথা শুনছে না। প্রগতিশীল সংগঠনসমূহ তাদের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যেতে পারে। এক্ষেত্রে ক্যাম্পাসে বহিরাগতদের এনে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করবে সেটা হতে পারে না।
