আওয়ামী লীগ হুমকিতে ভয় পায় না : নাসিম

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১২:০১
 
বিএনপি নেত্রী  খালেদা জিয়া কথায় কথায় বর্তমান সরকারকে উৎখাত করার হুমকি দিয়ে যাচ্ছেন উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনা কোন ধরনের হুমকিতে ভয় পায় না। জনগণ যতদিন বর্তমান সরকারের সঙ্গে রয়েছেন, ততদিন কেউ সরকারকে দেশের উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাঁধা দিতে পারবে না।
রবিবার জেলার জেলা প্রশাসক ভবনের শহীদ শামসুদ্দিন মিলনায়তনে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্নয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসিম বলেন, বেগম জিয়ার ছেলে বিদেশে বসে লাগামহীন মিথ্যাচার করা ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিও বিষোদ্গার করার করার ধৃষ্টতা দেখাচ্ছে। তিনি তাকে দেশে ফিরে জনগণের অর্থ পাচারসহ তার বিরুদ্ধে দায়ের করা বিভিন্ন মামলা আইনগতভাবে মোকাবেলা করার আহ্বান জানান।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আগামী ৫ জানুয়ারি বর্তমান সরকারের বর্ষপূর্তিতে বিএনপি যাতে নতুন করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীদের দমনে কারও কোন ধরনের শৈথিল্য সহ্য করা হবে না।
জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদে প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাস, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, জেলার বিভিন্ন দফতরের প্রধান, জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকতা উপস্থিত ছিলেন।