সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈষম্য এড়াতে সমন্বিত গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
রবিবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘বিশ্ববিদ্যালয় পর্যায়ে পরীক্ষা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, বিদ্যমান পরীক্ষা ব্যবস্থার কারণে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফলাফল নিয়ে বৈষম্য রয়েছে। এ ছাড়া, কোনো কোনো ক্ষেত্রে মাত্র একজন পরীক্ষকের জন্যও নম্বর বৈষম্যের সৃষ্টি হয়। পাশাপাশি ভিন্ন ভিন্ন পরীক্ষা পদ্ধতির কারণে পরীক্ষার ফল প্রকাশে বিলম্বের কারণে শিক্ষার্থীরা ভোগান্তি বা সমস্যায় পড়েন।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এবং পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউজিসির স্ট্যাটেজি পলিসি ইউনিটের (এসপিইউ) প্রধান গবেষণা কর্মকর্তা আফতাবুন নাহার মাকসুদা।
১৩টি সরকারি এবং ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং ফলাফলের ওপর সম্পাদিত গবেষণা কাজে সেমিস্টার ও বর্ষের পরীক্ষা এবং বিভিন্ন টিউটরিয়াল পরীক্ষার ফল বিশ্লেষণ করা হয়।
মূল প্রবন্ধে আফতাবুন নাহার সব বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ক্যালেন্ডার চালু, একক পরীক্ষা পদ্ধতি তথা সেমিস্টার পদ্ধতি চালু করে ফল প্রকাশের সময় কমিয়ে আনা, ছাত্রদের দিয়ে শিক্ষকদের মূল্যায়নেরও সুপারিশ করেন।
এ ছাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইউজিসি নির্ধারিত গ্রেডিং সিস্টেম মেনে চলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উচ্চ শিক্ষার মানোন্নয়নের (হেকেপ) প্রকল্প পরিচালক জাহাঙ্গীর আলম, ইউজিসি সদস্য মোহাম্মাদ মোহাব্বত খান প্রমুখ।
