বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করলেন সালমান শাহ'র মা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৪, ২১:২৫



চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর বিষয়ে এবার বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছেন তার মা নীলুফার চৌধুরী ওরফে নীলা চৌধুরী। রবিবার তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিতে ঢাকার সিএমএম আদালতে সময়ের আবেদন জানিয়েছেন তিনি। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অমিত কুমার দে সময়ের আবেদন মঞ্জুর করে আগামী বছরের ২১ জানুয়ারি নারাজি দাখিলের দিন ধার্য করেছেন।
 
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। এ বিষয়ে প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই ছেলেকে হত্যা করা হয়েছে অভিযোগ করে মামলাটিকে হত্যা মামলায় রুপান্তরিত করার আবেদন জানান তিনি। অপমৃত্যুর মামলার সঙ্গে হত্যাকাণ্ডের অভিযোগের বিষয়টি একসঙ্গে তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন আদালত।
 
সালমান শাহের মৃত্যুর ঘটনাটি তদন্ত করে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে উল্লেখ করা হয়। ওই বছরের ২৫ নভেম্বর ঢাকার সিএমএম আদালতে ওই চূড়ান্ত প্রতিবেদন গৃহীত হয়। সিআইডি’র প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার পিতা কমর উদ্দিন আহমদ চৌধুরী রিভিশন মামলা দায়ের করেন।

অবশেষে গত ৩ আগস্ট ঢাকার সিএমএম বিকাশ কুমার সাহার কাছে বিচার বিভাগীয় তদন্তের প্রতিবেদন দাখিল করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক। ওই প্রতিবেদনে সালমান শাহের মৃত্যুকে ‘অপমৃত্যু’ হিসাবে উল্লেখ করা হয়।