যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি টহল গাড়িতে বসা দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করে। নিহত পুলিশ কর্মকর্তারা হলেন, রাফায়েল রামোস (৪০) এবং ওয়েনজিন লিউ (৩২)। পুলিশ কর্মকর্তা হত্যা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। কোনো কৃষ্ণাঙ্গ নাগরিক পুলিশের উপর প্রতিশোধ নিতে এই ঘটনা ঘটাতে পারে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।
নিউইয়র্কের পুলিশের প্রধান উইলিয়াম ব্র্যাটন বলেছেন, হামলাকারীর লক্ষ্যই ছিল পুলিশের পোশাক পরা ব্যক্তিরা। কর্মকর্তারা বলছেন, দুই পুলিশকে হত্যার পর অদূরে থাকা সাবওয়ে স্টেশনে গিয়ে আত্মহত্যা করে ওই হামলাকারী। এর আগে হামলাকারী তার প্রেমিকাকে গুলি করে আহত করে এবং ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশবিরোধী বক্তব্য পোস্ট করে। প্রেসিডেন্ট ওবামা এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এই দুই সাহসী মানুষ আজ রাতে তার প্রিয়জনের কাছে যেতে পারবেন না। সমপ্রতি দেশটিতে এরিক গার্নার এবং মাইকেল ব্রাউনসহ কয়েকজন কৃষ্ণাঙ্গ নাগরিককে হত্যার অভিযোগ ওঠে শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে। তদন্তে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দেয়ার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ গড়ে ওঠে। এমনকি প্রতিবাদ অনুষ্ঠিত হয় লন্ডনেও।
