গাজীপুরে খালেদা জিয়ার জনসভাস্থলে ছাত্রলীগের সমাবেশ আহ্বান

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ০৯:১৭



আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরে বেগম খালেদা জিয়ার জনসভা স্থলে ছাত্রলীগ বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ছাত্রলীগ বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানকে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা অথবা বেগম খালেদা জিয়া গাজীপুরে আসতে চাইলে তারেক রহমানকে দল থেকে বহিষ্কারের আল্টিমেটাম দিয়েছে।
রবিবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে গাজীপুর জেলা ও মহানগর ছাত্রলীগ যৌথভাবে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা ও আল্টিমেটাম দেয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা ছাত্রলীগের আহবায়ক মো:দেলোয়ার হোসেন বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গত ১৬ ডিসেম্বর কটূক্তি করেন। এ বক্তব্যে সমগ্র বিশ্বের মানুষের মতো গাজীপুরের সকল মানুষ ক্ষুব্ধ। পরাজিত পাকিস্তানিদের মুখের বুলি আজ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানের মুখে। বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রথম শহীদদের পবিত্র মাটি গাজীপুরের মানুষ এটা মেনে নিতে পারে না। তাই গাজীপুর জেলা ও মহানগর শাখা ছাত্রলীগ আগামী ২৭ ডিসেম্বর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করছে।
সংবাদ সম্মেলনে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম দীপ, সায়মন সরকার, মইনুল হোসেন মোল্লা, কাজী মোঃ শাকির, জেলা ছাত্রলীগের মোঃ কাউসার শেখ কামাল, মোঃ খন্দকার ফাহিম, মোঃ হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভার নির্ধারিত তারিখ রয়েছে। এতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।