মিশরের ভয়াবহ জঙ্গি গ্রুপ আনসার আল মাকদিসের পাঁচ সদস্য রবিবার পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, একটি কারখানায় বোমা তৈরির সময়ে পুলিশ হামলা চালালে জঙ্গিরাও পাল্টা হামলা চালায়। এ সময়ে পুলিশের গুলিতে পাঁচ জঙ্গি নিহত হন। আহত হন এক পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, জঙ্গি গ্রুপটি ইসলামিক স্টেট-কে (আইএস) সমর্থন দেয়ার অঙ্গীকার করেছে।
কারখানাটি রাজধানী কায়রোর উত্তরপূর্বাঞ্চলের শারকিয়া প্রদেশে অবস্থিত। পুলিশ পরে সেখান থেকে একটি গাড়ি বোমা উদ্ধার করে। এছাড়া সুইসাইড বেল্ট, অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করে।
