আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপট-চলমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, ‘লন্ডনে অবস্থানরত ফেরারী আসামী এবং রাজনীতি না করার মুচলেকা দানকারী বিএনপি নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহবান জানাচ্ছি।’
সংগঠনের সহ-সভাপতি এবং বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান আলম সাজু ও জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
