প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন মূল্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, যেভাবেই হোক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। যারাই সন্ত্রাস জঙ্গিবাদ ও মাদক চোরাচালানে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এগুলো কোনভাবেই সহ্য করা হবে না। মানুষ স্বস্তিতে জীবন যাপন করবে, এটাই আমরা চাই। অপরাধী যে দলেরই হোক, তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে তৃণমূলের প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
সোমবার সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে রংপুর ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং বরগুনা ও লালমনিরহাটের জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
গত মাসে রংপুরে এক আওয়ামী লীগ নেতা খুন হওয়ার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অপরাধী কে, কোন দলের তা জানতে চাই না। অপরাধ করলে ধরতে হবে। যে অপরাধী তাকে কঠোর হস্তে দমন করতে হবে। কারো মুখ চেয়ে ছাড় দেয়া যাবে না। স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করারও নির্দেশ দিয়ে তিনি বলেন, যে অপরাধী সে কোন দলের তা না দেখে তাকে ধরতে হবে। জানিয়ে দেবেন এটা আমার নির্দেশ।
প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেন, মানুষের কল্যাণে সরকার ও প্রশাসনের সকল স্তরকে শতভাগ আন্তরিক ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। শীতবস্ত্র বিতরণের ক্ষেত্রে ষাটোর্ধ্ব বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার দিতে হবে।
এর আগে মন্ত্রীসভার বৈঠকে সরকারের গত মেয়াদের অর্থনৈতিক অগ্রযাত্রা এবং সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর সাম্প্রতিক অবস্থান বিষয়ে একটি প্রতিবেদন মন্ত্রীসভায় উপস্থাপন করা হয়। মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, প্রতিবেদনটি মন্ত্রীসভা ফেরত পাঠিয়েছে। মন্ত্রীসভা মনে করছে, প্রতিবেদনটি আরও বিস্তৃত ও তথ্যসমৃদ্ধ করার সুযোগ রয়েছে। মন্ত্রীসভার অনুশাসন অনুযায়ী অর্থনৈতিক প্রতিবেদন আরো হালনাগাদ করে মন্ত্রিসভায় উপস্থাপন করবে অর্থ বিভাগ।
সভায় উপস্থিত এক সদস্য জানান, ঐ প্রতিবেদনে গত নভেম্বর মাস পর্যন্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, যেন ডিজিটাল পদ্ধতিতে সর্বশেষ তথ্য পাওয়া যায়। একইসাথে গত মেয়াদের সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে বর্তমান সরকারের কর্মকাণ্ডের তুলনামূলক পর্যবেক্ষণও তুলে ধরতে নির্দেশনা দেয়া হয়েছে।
মন্ত্রীপরিষদ সচিব জানান, সভায় ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের অংগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে। এছাড়া বিজ্ঞানী মাকসুদুল আলমের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।
