'পিকে'র বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৭:৫১
 
আমির খান অভিনীত বলিউড ব্লকবাস্টার 'পিকে' কট্টর হিন্দুদের রোষানলে পড়েছে।
শুক্রবার মুক্তি পাওয়ার পর চলচ্চিত্রটি সমালোচক-দর্শকদের প্রশংসা কুড়ালেও হিন্দুত্ববাদীরা অভিযোগ তুলেছে এই ছবির বক্তব্য হিন্দুবিরোধী।
ফেসবুকসহ ইন্টারনেটে সামাজিক মাধ্যমে ছবিটির বিরুদ্ধে আক্রমণ শুরু হয়েছে।
'বয়কটপিকে' হ্যাশট্যাগে বহু মানুষ অভিযোগ করছে ছবির একটি সংলাপে হিন্দুদের ছোট করে দেখানো হয়েছে।
হিন্দি সংলাপটি হলো 'যো ডর গ্যায়া, সো মন্দির গ্যায়া' অর্থাৎ যে ভয় পায়, সে মন্দিরে যায়।
সমালোচনা করে বলা হচ্ছে এই সংলাপে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে।
এছাড়া সিনেমাটিতে একজন হিন্দু সাংবাদিকের সাথে একজন পাকিস্তানি মুসলিমের রোমান্সের ঘটনাকে সমালোচনা করা হচ্ছে।
অনেকে লিখছেন এতে 'লাভ জিহাদ'কে সমর্থন করা হয়েছে।
তবে প্রায় সাথে সাথেই টুইটারে 'উইসাপোর্টপিকে' হ্যাশটাগে চলচ্চিত্রটির পক্ষে শুরু হয়েছে পাল্টা প্রচারণা।
শুক্রবার মুক্তি পাওয়ার তিন দিনে আমির খানের এই ছবিটি ৯২.৫০ কোটি রুপি ব্যবসা করেছে। ধারণা করা হচ্ছে, পিকে এ বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র হবে।সূত্র: বিবিসি