ভারতে চিকিৎসা ভিসার আবেদন করা যাবে সরাসরি

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৩:০৯



ভারতে চিকিৎসা ভিসার আবেদন করতে আর সাক্ষাৎকারের তারিখের জন্য অপেক্ষা করতে হবে না। সরাসরি করা যাবে আবেদন। এ জন্য গুলশান কেন্দ্রে একটি কাউন্টার খোলা হচ্ছে। বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের স্বীকৃত এজেন্ট স্টেইট ব্যাংক অব ইন্ডিয়া সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, আগামী বছরের প্রথম দিন থেকে ধানমন্ডির ২ নম্বর সড়কের ২৪ নম্বর বাড়িতে (ধানমন্ডি সেন্টার) নতুন এ ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ (আইভিএসি) এর যাত্রা শুরু হবে। এর বাইরে ঢাকার গুলশান ও মতিঝিলে দুটি এবং রাজধানীর বাইরে চট্টগ্রাম, সিলেট, খুলনা ও রাজশাহীতে একটি করে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমে সব ধরনের ভিসার আবেদন কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে গুলশানের সেন্টারে একটি বিশেষ কাউন্টার খোলা হচ্ছে যেখানে জরুরি চিকিৎসা ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হবে। অর্থাৎ অন্য ভিসার ক্ষেত্রে অনলাইনে ফরম পূরণ করে পাওয়া নির্ধারিত তারিখে সেন্টারে গিয়ে ফরম জমা দেয়ার নিয়ম থাকলেও যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চান, তাদের ক্ষেত্রে ওই তারিখের প্রয়োজন হবে না।

রবি থেকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত এই কেন্দ্রে ভিসার আবেদন গ্রহণ করা হবে। আর ভিসা দেয়া হবে বিকেল তিনটা থেকে ছয়টা পর্যন্ত।

ভারতীয় ভিসার আবেদন ফিও ৪০০ টাকা থেকে বাড়ানো হয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর পাঁচটি সেন্টারে আবেদন জমা দিতে খরচ হবে ৬০০ টাকা করে। আর সিলেট বা খুলনায় লাগবে ৭০০ টাকা। ভিসা ফির সঙ্গে ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে আবেদনকারীর ছবি দেওয়ার নিয়ম। এখন থেকে আবেদনকারীকে ছবি স্ক্যান করে অনলাইন ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তা না হলে কর্তৃপক্ষ ওই আবেদন গ্রহণ করবে না।
 
স্টেইট ব্যাংক অব ইন্ডিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে দালাল ও মধ্যস্বত্ত্বভোগীদের বিষয়েও আবেদনকারীদের সতর্ক করা হয়েছে। ভিসা আবেদনের ক্ষেত্রে কোনো দালালের দেখা পেলে বিষয়টি পুলিশকে জানাতেও অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে ভিসা পাওয়ার জন্য আবেদনকারীদের সঠিক ক্যাটাগরিতে আবেদন করতে এবং আসল ও পূর্ণাঙ্গ নথিপত্র জমা দিতে বলেছে কর্তৃপক্ষ।