পে-কমিশন সুপারিশকৃত পে-স্কেল বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বৈষম্য আরও বৃদ্ধি পাবে বলে প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। রবিবার পে-কমিশনের সুপারিশ দাখিলের পর আজ সোমবার সংগঠনের দেয়া এক তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৈষম্য ১ঃ৫ করার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছে। অথচ এবারের সুপারিশ বাস্তবায়ন করা হলে সেটি হবে ১ঃ১২। ফলে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অতীতের মতোই বঞ্চিত থাকবেন।
বিবৃতিতে বলা হয়, পে-কমিশনের সুপারিশে মূখ্য সচিব ও মন্ত্রী পরিষদ সচিবের বেতন ১ লাখ, সিনিয়র সচিবদের ৮৮ হাজার, সচিবদের ৮০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮ হাজার ২শ টাকা সুপারিশ করা হয়েছে। সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের দীর্ঘদিনের দাবি ছিল ১ঃ৫ অনুপাতে বেতন স্কেল নির্ধারণ করা। সর্বনিম্ন বেতন ১৮ হাজার টাকা নির্ধারণেরও দাবি জানানো হয়েছিল কিন্তু পেশকৃত সুপারিশে বর্তমান বাজারদরের সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। পে-কমিশনের সুপারিশে বেতন বৈষম্য দূর করতে সরকারের প্রতি দাবি জানায় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
