সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃদেশিয় গ্রিড স্থাপনের সিদ্ধান্ত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৯:২৭
 
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুত্ ও জ্বালানি বিনিময়ে আন্তঃদেশিয় গ্রিড স্থাপনের বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট দেশের কর্মকর্তারা। সরকারি পর্যায়ে কিংবা বেসরকারি উদ্যোক্তারা এক দেশ থেকে অন্য দেশে বিদ্যুত্ বিনিময় করতে পারবে। সার্কভুক্ত যে কোনো দেশ বিদ্যুত্ কেনাবেচা করতে পারবে।
 
ঢাকায় অনুষ্ঠিত সার্ক এনার্জি রেগুলেটরদের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।  সোমবার দুইদিনব্যাপী এ বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় সার্ক সচিবালয়ের পরিচালক গাফরি মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান উপস্থিত ছিলেন।
 
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিদ্যুত্, জ্বালানি এবং গ্যাস বিনিময় সহজ করতে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া সার্কভুক্ত দেশগুলোর এনার্জি রেগুলেটরি কমিশনের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই কমিটি ভবিষ্যত্ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে।
 
উল্লেখ্য, সমপ্রতি অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে বিদ্যুতের সহযোগিতার চুক্তি হয়েছে। সেই চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে সার্ক রেগুলেটরদের বৈঠক ভূমিকা রাখবে। এছাড়া ২০০৪ সালে সার্কের ১২তম সম্মেলনেও দেশগুলোর মধ্যে জ্বালানি সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেয়া হয়েছিল।
 

সাংবাদিক সম্মেলনে সার্ক সচিবালয়ের পরিচালক গাফরি মোহাম্মদ ইব্রাহিম বলেন, বৈঠকটি খুবই ফলপ্রসু হয়েছে। বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়ন  করা হবে।