রিপোর্ট পর্যালোচনা করে সুপারিশ দেবে সংসদীয় কমিটিও

বিমানে অনিয়ম দুর্নীতির তদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যেই

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৯:৪১



বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাম্প্রতিক ঘটনায় অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে বিমানের ব্যবস্থাপনায় ভয়াবহ অনিয়ম-দুর্নীতি ও স্বর্ণ চোরাচালানের সঙ্গে খোদ বিমান কর্মীদের জড়িয়ে পড়ার ঘটনায় কমিটি উদ্বেগ প্রকাশ করেছে। সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে মন্ত্রণালয় জানিয়েছে, বিমানের এসব ঘটনা তদন্তে গঠিত কমিটি ১০ দিনের মধ্যে রিপোর্ট দেবে। এরপর রিপোর্টটি পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে সংসদীয় কমিটি।

বৈঠক সূত্রে জানা গেছে, এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বিমান পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহম্মেদকে অনুরোধ জানানো হয়েছিল। এজন্য তাকে নোটিশও করা হয়। তবে কমিটিকে কিছু না জানিয়ে তিনি বিদেশে চলে যান এবং বৈঠকে অনুপস্থিত থাকেন। সংসদীয় কমিটিকে এভাবে উপেক্ষা করায় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

কমিটির সভাপতি ফারুক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিমানের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে সেবার মান বৃদ্ধির তাগিদ দেয়া হয়। অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রতিযোগিতায় টিকে থাকারও সুপারিশ করা হয়েছে। বৈঠকে সম্প্রতি সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবির ঘটনায় দেশের পর্যটন শিল্পের ওপর যাতে নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকে নজর রাখার পাশাপাশি পর্যটন বোর্ডকে ইতিবাচক প্রচারণা চালানোর পরামর্শ দেয়া হয়।