সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তঃদেশিয় গ্রিড স্থাপনের সিদ্ধান্ত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৪, ১৯:৪৬
আন্তঃদেশীয় বিদ্যুতের গ্রিড, জ্বালানি বাণিজ্য, প্রশিক্ষণের ব্যবস্থা ও বাণিজ্যের সুবিধার জন্য অভিন্ন নীতি বা আইনের ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। সোমবার ঢাকায় হোটেল ওয়েস্টিনে শেষ হওয়া জ্বালানি রেগুলেটরদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সিদ্ধান্ত অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন হলে সরকার কিংবা বেসরকারি উদ্যোক্তারা এক দেশ থেকে অন্য দেশে বিদ্যুৎ বিনিময় করতে পারবে। ভারতের মত বিদ্যুতের মুক্ত বাজার তৈরি করা হবে। সার্কভুক্ত যে কোন দেশ সেই বাজার থেকে দরদাম করে যখন ইচ্ছে বিদ্যুৎ কেনাবেচা করতে পারবে।   
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানানো হয়। এসময় সার্ক সচিবালয়ের পরিচালক গাফরি মোহাম্মদ ইব্রাহিম ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এ আর খান উপস্থিত ছিলেন।
বৈঠকে সার্কভুক্ত দেশগুলোর এনার্জি রেগুলেটরি কমিশনের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়। এই কমিটি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে।