সুন্দরবনে জ্বালানি তেলবাহী ট্যাঙ্কারডুবির ঘটনায় আজ মঙ্গলবার দুর্ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করবে জাতিসংঘের একটি পর্যবেক্ষক দল। গতকাল সোমবার সকালে ২৫ সদস্যের প্রতিনিধিদল ঢাকা থেকে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করে। বিকালে তারা মংলা বন্দরে পৌঁছে রাতে পশুর নদীতে একটি জাহাজে রাত্রী যাপন করেন।
মংলায় এমেলিয়া ওয়ালস্ট্রম সাংবাদিকদের বলেন, আমরা বাংলাদেশ সরকারের আহ্বানে সুন্দরবনে জ্বালানি তেল ছড়িয়ে পড়ার ঘটনাটি পরিদর্শন করতে এসেছি। সংগ্রহকৃত তথ্য সরকারকে জাননো হবে। এখান থেকে আমাদের সদস্যরা বিভিন্ন বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ও নমুনা সংগ্রহ করবেন। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার পরই বোঝা যাবে প্রকৃতপক্ষে এই দুর্ঘটনা সুন্দরবনের কতটুকু ক্ষতি করেছে এবং তা কাটিয়ে উঠতে কি করতে হবে। সুন্দরবন পূর্ব অঞ্চলের বন কর্মকর্তা (ডিএফও) আমীর হোসাইন চৌধুরী জানান, আজ মঙ্গলবার সকালে স্পিডবোটসহ বিভিন্ন নৌযানে প্রতিনিধিদলের সদস্যরা দুর্ঘটনাস্থলসহ বনের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। তাদেরকে সহায়তার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
