নিউ ইয়র্কে দুই পুলিশকে গুলি করে হত্যার পরদিনই ফ্লোরিডায় আবারো এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটলো। নিহত পুলিশ কর্মকর্তার নাম চার্লস কোনডেক। ফ্লোরিডার তার্পোন স্প্রিং শহরে এ ঘটনা ঘটে। নিহত পুলিশ কর্মকর্তার প্রতি শোক প্রকাশ করেছে সাধারণ মানুষ।
পাইনলাস কাউন্টি শেরিফ কার্যালয়ের সিসিলিয়া ব্যারেডা বলেন, পুলিশ কর্মকর্তা কোনডেক হত্যার ঘটনায় মার্কো এন্টোনিও পারিল্লা জুনিয়র (২৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। মাত্র কিছুদিন আগে জেল থেকে বের হন এন্টোনিও। কোনডেককে হত্যার ঘটনায় জেলে নেয়ার পথে এন্টোনিও বলেন, তাকে হত্যার কেন উদ্দেশ্যই আমার ছিলো না। শেরিফ কার্যালয় এবং স্থানীয় পুলিশের পক্ষ থেকে হত্যার ঘটনায় বিস্তারিত অনুসন্ধান করা হচ্ছে। শেরিফ কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহত চার্লস কোনডেন ফ্লোরিডায় যোগ দেয়ার আগে পাঁচ বছর নিউইয়র্কে দায়িত্ব পালন করেছেন। ৪৫ বছর বয়সী কোনডেকের পাঁচটি সন্তান রয়েছে।
স্থানীয় টেলিভিশন ডব্লিউটিএসপি জানিয়েছে, ৪৫ বছর বয়সী কোনডেক গুলিবিদ্ধ হওয়ার আগে তিনি পুলিশকে ফোন করে জানান, কেউ একজন তার বাড়ির দরজায় কড়া নাড়ছে এবং সমস্যার সৃষ্টি করছে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আন্টোনিও পারিল্লা নামের ঐ সন্দেহভাজনকে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যেতে দেখেন। পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এর আগে শনিবার নিউ ইয়র্কে অতর্কিত হামলায় দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে এক বন্দুকধারী।
