পাকিস্তানে আরো ৫শ’ জঙ্গির ফাঁসি হচ্ছে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ০০:২৩

পাকিস্তানে আসছে সপ্তাহে আরো ৫শ’ জঙ্গিকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা করছে সরকার। দেশটির কর্মকর্তারা গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। সরকার মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ প্রত্যাহারের পর পরিকল্পনা নেয়া হয়েছে। পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তেহরিক-ই-তালেবানের (টিটিপি) হামলার ঘটনায় সরকার স্থগিতাদেশ প্রত্যাহার করে। ভারতের প্রভাবশালী দৈনিক এনডিটিভি’র অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, শিঘ্রই ৫৫ জঙ্গির ফাঁসি কার্যকর করা হবে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন, সন্ত্রাসীদের ধরতে গ্রাম ও শহরে তল্লাশি করা হবে। গত শুক্রবার থেকে পাকিস্তানে ছয় জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়েছে। এনডিটিভি জানায়, নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৫শ’ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আসছে সপ্তাহে তাদের ফাঁসি কার্যকর করা হবে। দ্বিতীয় সূত্রও এই তথ্য নিশ্চিত করেছে।

গত রবিবার দেশটির ফয়সালাবাদের জেলা কারাগারে দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব:) পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এসব জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। এর আগে গত শুক্রবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গির ফাঁসি কার্যকর করে পাকিস্তান সরকার। এরা দুইজনই আগে সেনাবাহিনীতে কর্মরত ছিল। গত ১৬ ডিসেম্বর দেশটির পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) নৃশংস হামলায় ১৩২ শিশু শিক্ষার্থীসহ ১৪৯ জন নিহত হয়। এরপর দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় হাজার জঙ্গির ফাঁসি কার্যকরের স্থগিতাদেশ প্রত্যাহার করেন। এমনকি দেশটির সেনাপ্রধানও দ্রুত জঙ্গিদের ফাঁসি কার্যকর করতে এক টু্ইটার বার্তায় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।