হোয়াইট হাউস উড়িয়ে দেয়ার হুমকি উত্তর কোরিয়ার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ০০:৫৭

চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান সনি পিকচার্সের ওয়েবসাইটে পিয়ংইয়ংয়ের সাইবার হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ‘বেপরোয়াভাবে’ গুজব ছড়াচ্ছেন—এমন অভিযোগ করে উত্তর কোরিয়া ‘যুক্তরাষ্ট্রের সমগ্র মূল ভূমিতে’ হামলার হুমকি দিয়েছে। একটি দীর্ঘ বিবৃতিতে রবিবার রাতে বিশেষভাবে হোয়াইট হাউস এবং পেন্টাগনকে এই হুমকি দেয় উত্তর কোরিয়ার প্রভাবশালী জাতীয় প্রতিরক্ষা কমিশন। খবর বিবিসি, সিএনএন ও আল জাজিরা’র।

যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার সময়ে উত্তর কোরিয়ার এ ধরনের বাগাড়ম্বরপূর্ণ উক্তি একটি গতানুগতিক ব্যাপার। তবে এবারের এই বিবৃতিটি কোরীয় নেতা কিম জং উনের গুপ্তহত্যাকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি নিয়ে দেশটির প্রতিক্রিয়ার একটি উদাহরণ। এর আগের দিন শনিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, উত্তর কোরিয়াকে আবারো সন্ত্রাসে মদদদাতা রাষ্ট্রের তালিকাভুক্ত করার কথা ভাবা হচ্ছে।

সিএনএনকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি সাইবার হামলাকে কেন্দ্র করে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান। ওবামা বলেন, বিষয়টি পর্যালোচনার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় তিনি ওই ঘটনাকে সাইবার যুদ্ধ নয় বরং ‘সাইবার ধ্বংসযজ্ঞ’ বলে অভিহিত করেছেন। হামলায় অনেক বড় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করে ওবামা বলেন, মার্কিন কর্মকর্তারা যাবতীয় তথ্য-প্রমাণ পরীক্ষ-নিরীক্ষা করে দেখবেন যে উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদের যোগানদাতা দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা যায় কি-না। উল্লেখ্য, ২০০৮ সালের আগ পর্যন্ত প্রায় দুই দশক ধরে উত্তর কোরিয়াকে সন্ত্রাসবাদে মদদদাতা রাষ্ট্রের তালিকায় রেখেছিল যুক্তরাষ্ট্র। সনি পিকচার্সে সাইবার হামলার পরপরই এজন্য উত্তর কোরিয়াকে দায়ী করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অভিযোগ, সাইবার হামলার ফলে মার্কিন সিনেমা হলগুলোতে সন্ত্রাসী হামলার হুমকি বৃদ্ধি পেয়েছে এবং সনিকে ‘দ্যা ইন্টারভিউ’ নামে ওই সিনেমাটির মুক্তি বাতিল করতে হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল।