বর্তমানের এই দুর্মূল্যের যুগে দুই সন্তানের একক পরিবার নিয়েই অনেক মা-বাবা হিমশিম খান। কিন্তু সেখানে ৩৪ সন্তান কতটা একটা মানুষের জন্য বোঝা তা চিন্তা করতে গেলেও কেমন লাগে! কিন্তু এত সন্তান নিয়েও সুখে বসবাস করছেন পল আর জিন ব্রিগস দম্পতি।
ব্যাপারটা এখানেই থেমে নেই। আরো সন্তান নেয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার এই দম্পতি। পল এবং জিন ব্রিগসের যে বিশাল সংসার তার মধ্যে ২৯ জনকে তারা দত্তক নিয়েছেন। বাকি ৫ জন তাদের নিজের সন্তান। ১৯৮৫ সালে দুই বছর বয়সের এক শিশুর ছবি দেখে থমকে দাঁড়ান জিন। অন্ধ শিশুটি তখন মেক্সিকোর এক অনাথ আশ্রমে। ভয়ংকরভাবে মারধর করা হয়েছিল শিশুটিকে। তাত্ক্ষণিক সিদ্ধান্তে তারা শিশুটিকে দত্তক নেন। সেই শিশু আব্রাহাম এখন ৩১ বছরের যুবক। গত ২৯ বছর ধরে তাদের সংসাার যুক্ত হয়েছে অনেক নতুন মুখ। পৃথিবীর নানা প্রান্ত থেকে শিশু দত্তক নিয়েছেন তারা। রাশিয়া, ইউক্রেন, ঘানা, বুলগেরিয়াসহ বিভিন্ন দেশের সন্তান আছে তাদের। সাদা-কালোসহ নানা বর্ণের শিশুরা এক ছাদের নিচে বেড়ে উঠেছে। এই দম্পতি সন্তানদের জন্য বাড়িতেই চালু করেছেন স্কুল। - বিবিসি
