লোহাগড়ায় আওয়ামী লীগের ২ গ্রুপে সংঘর্ষ, আহত ৩৫

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ০১:০৯

নড়াইলের লোহাগড়া উপজেলার ১২নং কাশিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান এবং আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আর্জু গ্রুপের মধ্যে ৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি এবং ১৪ রাউন্ড টিআর শেল নিক্ষেপ করে। আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধোপাদহ গ্রামের শহিদুল্লাহকে মারপিটের জের ধরে গতকাল সোমবার সকালে এড়েন্দা বাজারে ঈদগাহের সামনে ও বিভিন্নস্থানে চেয়ারম্যান মতিয়ার সমর্থিত লোকজন ও আজিজুর রহমান সমর্থিত লোকজনদের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষ চলে। এসময় চেয়ারম্যান মতিয়ার রহমান, আজিজুর রহমান আর্জু, রওশন কাজী, ইউপি সদস্য কিবরিয়া, আব্দুল মান্নান খা, আব্দুল ছাত্তার, গোলাম রব্বানী, ইসমাইল শেখ, বাদশা কাজী, জামিনুরসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়। লোহাগড়া থানার ওসি (তদন্ত) বিপ্লব সাহার নেতৃত্বে পুলিশ ৬ রাউন্ড শটগানের গুলি এবং ১৪ রাউন্ড টিআর শেল নিক্ষেপ করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এড়েন্দা বাজারসহ আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।