শাহজালাল বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কেজি স্বর্ণ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ০১:১০

হযরত শাহজালাল বিমানবন্দরে প্রায় ২ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৪ কেজি ১৯৫ গ্রাম ওজনের ৩৬টি স্বর্ণবার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ। স্বর্ণ পাচারের অভিযোগে আনিস মিয়া (২৩) নামে চট্টগ্রাম থেকে আসা এক যাত্রীকে গ্রেফতার করা হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, সকালে বাংলাদেশ বিমানের বিজি-০৪৮ ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। এ বিমানে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন আনিস মিয়া। তিনি অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হওয়ার চেষ্টা করলে গোয়েন্দাদের সন্দেহ হয়। তাকে আটক করে শরীর তল্লাশি করা হয়। জুতা ও অন্তর্বাসের ভেতর থেকে ১০ তোলা ওজনের ৩৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে একটি মামলা করে আনিস মিয়াকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। তার বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।