গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, ‘কামারুজ্জামানের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করা হবে এমন বক্তব্য আমরা শুনেছিলাম। কিন্তু বিদেশি দূতাবাসের একটি চিঠিতে সেই রায় কার্যকর করার কথা রাতের অন্ধাকারে চাপা পড়ে গেছে।’
মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকেই শাহবাগে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। ফাঁসির রায়ে পেয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করেন কর্মীরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়। এ সময় ইমরান বলেন, ‘মামলার রায় হচ্ছে কিন্তু বিচার নয়। বিচার তখনই হবে যখন এই রায় কার্যকর হবে।’
তিনি বলেন, ‘এক সময় যুদ্ধাপরাধের মামলার রায় নিয়ে জনমনে আশঙ্কা সৃষ্টি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে আন্দোলন হয়েছে। এখন রায় কার্যকর না হওয়ায় জনমনে হতাশা সৃষ্টি হচ্ছে।’
