বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও বিএনএস সেন্টারের মালিক এন এস এইচ বুলুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিন শরীফ তাকে জিজ্ঞাসাবাদ করেন। এনএসএইচ বুলুর বিরুদ্ধে আয়কর ফাঁকি, অনুমতি ছাড়া ভবন নির্মাণ, বিল্ডিংয়ের পজিশন বিক্রি করে প্রায় ২২ কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা গেছে।
দুদক সূত্র জানায়, এনএসএইচ বুলুর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ দুদকে রয়েছে। উত্তরার ৭ নম্বর সেক্টরের ৮৭ নম্বর প্লটে অবস্থিত বিএনএস সেন্টার বুলু রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিজাইন বহির্ভূতভাবে নির্মাণ করেছেন। বিল্ডিংয়ের পজিশন বিক্রির মাধ্যমে ২১ কোটি ৯১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া, সরকারের রাজস্ব ফাঁকিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগও রয়েছে।
