নৈরাজ্য হলে কঠোর হাতে দমন : তোফায়েল

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৮:৪৯
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে। 
মঙ্গলবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরাস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তোফায়েল আহমেদ একথা বলেন।
২০১১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তোফায়েল বলেন, ব্যর্থতার গ্লানি বইতে না পেরে বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। কোনোভাবেই তাদের আন্দোলন বরদাশত করা হবে না। আন্দোলনের নামে সহিংসতা বা নৈরাজ্য করতে চাইলে সরকার কঠোর হতে বাধ্য হবে।
আব্দুর রাজ্জাকের স্মৃতি চারণ করে আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, মৃত্যুর শেষ দিন পর্যন্ত আব্দুর রাজ্জাক দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। আব্দুর রাজ্জাক বেঁচে থাকলে আওয়ামী লীগ আরো শক্তিশালী হতো।