সিএসইর লেনদেনে উল্লম্ফন, ডিএসইতে কমেছে ২৪ শতাংশ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৯:০০
 
 
 
 
স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থা চালুর পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ ২০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। আট কর্মদিবসেও লেনদেনের পরিমাণ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারছে না। তবে ধীরে ধীরে লেনদেনের পরিমাণ বাড়ছিল। মঙ্গলবার লেনদেন বৃদ্ধির ধারাবাহিকতাও রক্ষা হয়নি। উপরন্তু ডিএসইতে লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় ২৪ শতাংশ কমেছে। এ দিকে, ডিএসইতে লেনদেন কমলেও হঠাত্ করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ অনেক বেড়ে গেছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ৬০ লাখ টাকার। যা আগের দিনের তুলনায় প্রায় ২১৬ শতাংশ বেশি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিএসইতে বড় মূলধনী বেশ কয়েকটি কোম্পানির লেনদেন বেড়েছে। এ জন্য মোট লেনদেনের পরিমাণ বেড়ে গেছে।
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৯ পয়েন্ট কমে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৭৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২০২ কোটি ৫২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৬৪ কোটি ৪৩ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের।
অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৭০ কোটি ৬০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৩১ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৪১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৫টির কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। বুধবার থেকে ‘এ’ ক্যাটাগরিতে কোম্পানিটির লেনদেন হবে। ২০১৪ সমাপ্ত বছরে ২০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে কোম্পানিটি। গত ২৯ নভেম্বর ফারইস্ট নিটিংয়ের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়।
 
লাগা চার্জ বিষয়ে সিএসইর পুনঃবিজ্ঞপ্তি:
লেনদেনে লাগা চার্জ (তিন স্তরে) হাজারে ১৮, ১৫ ও ১৩ পয়সার পরিবর্তে শতকরা ১৮, ১৫ ও ১৩ পয়সা কাটা হবে বলে গত সোমবার সিএসই এ প্রেস বিজ্ঞপ্তি পাঠায়। তবে মঙ্গলবার অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লেনদেনের ওপর সিএসইর কমিশন চার্জ ৫ কোটি টাকা পর্যন্ত প্রতি হাজারে ১৮ পয়সা, ৫ কোটি থেকে ১০ কোটি পর্যন্ত প্রতি হাজারে ১৫ পয়সা এবং ১০ কোটি টাকার উপরে প্রতি হাজারে ১৩ পয়সা চার্জ কাটা হবে।