তারেককে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে: ছাত্রলীগ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ১৯:২৫
 
 
 
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে লন্ডনে তারেক রহমানের বক্তব্যকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল এখন মুখোমুখি অবস্থানে। অশ্লীল বক্তব্যের জন্য তারেক রহমান বা বিএনপি ক্ষমা না চাওয়া পর্যন্ত রাজধানী ঢাকাসহ কোথাও বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার সিদ্ধান্তে ছাত্রলীগ অটল রয়েছে। এ জন্য সোমবার ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান ছাত্রলীগের নেতা-কর্মীদের ‘গণধোলাই’ দেয়ার হুমকি দেন।
আর এ হুমকির জবাবে মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ‘গণধোলাই শব্দ বা পরিস্থিতির সাথে ছাত্রলীগ পরিচিত নয়, বরং ছাত্রদল পরিচিত। দলটির আদর্শিক প্রতিষ্ঠাতা নেতা (জিয়াউর রহমান) ১৯৭৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন। পরে হাতজোড় করে ক্ষমা চেয়ে তিনি ক্যাম্পাস ত্যাগ করতে বাধ্য হন। তারেক রহমানের বেয়াদবির জন্য আবারো হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। নইলে ছাত্রদলের নেতা-কর্মীদের সাধারণ শিক্ষার্থীরাই গণধোলাই দেবে।’
বদিউজ্জামান সোহাগ বলেন, ‘গলাবাজি কিংবা অস্ত্রের জোর দিয়ে রাজনীতি হয় না। তারা (ছাত্রদল) গলাবাজি করছেন, হুমকি দিচ্ছেন। ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে যেকোন মূল্যে তাদেরকে প্রতিহত করবে।’
এ দিকে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে সোহাগ বলেন, ‘তারেকের বক্তব্য গাজীপুরের ছাত্র সমাজ এবং শ্রমজীবী মানুষ মেনে নিতে পারেনি, তারা প্রতিবাদ জানাচ্ছে। তাই আগামী ২৭ ডিসেম্বর সেখানে যেকোনো মূল্যে ছাত্র সমাবেশ করবে ছাত্রলীগ। আমরা আশা করি— বিএনপির চেয়ারপার্সনের এ বিষয়ে বোধোদয় হবে।’