সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে গ্রেফতার আসিফ আদনানকে জামিন দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।
আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গত সেপ্টেম্বর মাসে আসিফ আদনানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তার বাবা হাইকোর্টের সাবেক বিচারক। এরপর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। এই মামলায় গত ১০ নভেম্বর বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের ডিভিশন বেঞ্চ পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত আসিফের জামিন মঞ্জুর করেন। এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে। ওই আবেদনের ওপর শুনানি শেষে গত ১৬ নভেম্বর আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে দেয়। একই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্যে হাইকের্টের জারিকৃত রুল নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট পক্ষগণকে নির্দেশ দেয়। হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে এ রুলের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে হাইকোর্ট আসিফকে জামিন দেয়। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ও আসিফের পক্ষে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ শুনানি করেন।
