চীনের পররাষ্ট্রমন্ত্রী আসছেন শনিবার

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ২০:২৪
 
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিন দিনের সফরে আগামী শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকায় আসছেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি এই সফরে আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে মঙ্গলবার জানানো হয়, আগামী শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন চীনের পররাষ্ট্র মন্ত্রী। পরদিন রবিবার সকাল ১০টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। সফরশেষে আগামী সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা ছাড়বেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে ওয়াং আই প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করতে পারেন। এছাড়া বৈঠক হতে পারে মন্ত্রিপরিষদের কিছু সদস্যের সঙ্গেও।
 
সত্রে জানা যায়, চীনের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে সময় অনুষ্ঠেয় দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তা ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। বর্তমানে চীনের বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশের ক্ষেত্রে ৬০ শতাংশ শুল্কমুক্ত কোটা সুবিধা পেয়ে থাকে। আগামীতে শতভাগ শুল্কমুক্ত কোটা সুবিধার বিষয়ে বাংলাদেশ আলোচনা করতে পারে। বাংলাদেশের নৌবাহিনী আধুনিকায়নে প্রয়োজনীয় সরঞ্জাম দেয়ার বিষয়েও চীন ইতিমধ্যে আগ্রহ প্রকাশ করেছে। তাই এ বিষয়েও আলোচনা হতে পারে।
 
এ ছাড়া বড় ৯টি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ চীনের কাছে সহজ শর্তে ঋণ চাইতে পারে।  এই প্রকল্পগুলো হচ্ছে প্রধানমন্ত্রীর চীন সফরের সময় সই হওয়া সমঝোতা স্মারকের আওতায় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ ও বাংলাদেশে চীনের অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠা এবং স্বাক্ষরিত চুক্তির আওতায় চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক বিদ্যুতকেন্দ্র স্থাপন। এছাড়া ইউনিয়ন পর্যায়ে তথ্যসেবা পৌঁছাতে ইন্টারনেট সংযোগ প্রদান, রাজশাহীতে পানি শোধনাগার নির্মাণ, চট্টগ্রামের কালুরঘাটে রেলসেতু নির্মাণ, চট্টগ্রাম-রামু-কক্সবাজার, রামু-গুনধুম ডুয়েলগেজ রেললাইন স্থাপন এবং ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রতিষ্ঠায় চীনের সহযোগিতা চাইবে বাংলাদেশ।