ব্যাংকের এমডি নিয়োগ কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৪, ২১:২৭

এখন থেকে ব্যাংকের প্রধান নির্বাহী নিয়োগ ও অপসারণের জন্য বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপন পত্রে এ নির্দেশনা দেয়া হয়। ব্যাংকের প্রধান নির্বাহী নিযুক্তি ও দায়-দায়িত্ব সম্পর্কিত বিধি-বিধান বিষয়ক ঐ প্রজ্ঞাপন পত্র বিশেষায়িত ব্যাংক ব্যতীত বাংলাদেশে কার্যরত সকল ব্যাংকে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপণে বলা হয়েছে, প্রধান নির্বাহী নিযুক্তির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং ঐরূপে নিযুক্ত প্রধান নির্বাহীকে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া তার পদ থেকে বরখাস্ত, অব্যাহতি প্রদান বা অপসারণ করা যাবে না। নিয়োগ  চুক্তির  মেয়াদপূর্তির  আগে প্রধান  নির্বাহী  চুক্তি  বাতিল  করতে চাইলে বা স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে পদত্যাগের প্রকৃত কারণ উল্লেখ করে কমপক্ষে এক মাস আগে এ সংক্রান্ত  নোটিশ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে দাখিল করবেন এবং একই সময়ে উক্ত নোটিশের অনুলিপি বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে। এছাড়া নিয়োগ চুক্তির মেয়াদপূর্তির আগে ব্যাংকের পরিচালনা পর্ষদ চুক্তি বাতিল করতে চাইলে বা প্রধান নির্বাহীকে পদত্যাগের নির্দেশ দিলে তার কারণ উল্লেখপূর্বক প্রধান নির্বাহীকে কমপক্ষে এক মাসের  নোটিশ প্রদান করতে  হবে এবং একই সময়ে নোটিশের অনুলিপি বাংলাদেশ ব্যাংকেও পাঠাতে হবে এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া নিয়োগ চুক্তি বাতিল কিংবা প্রধান নির্বাহীকে পদত্যাগে বাধ্য করা যাবে না।
একইভাবে প্রধান নির্বাহীর স্বেচ্ছায় পদত্যাগ বা মেয়াদান্তে, কিংবা অন্য কোনো কারণে উক্ত পদ শূন্য হলে ব্যাংক তাত্ক্ষণিকভাবে শূন্য পদে প্রধান  নির্বাহী পদের অব্যবহিত  নিচের পদ হতে  কোনো যোগ্য কর্মকর্তাকে ভারপ্রাপ্ত প্রধান  নির্বাহী  হিসেবে (সর্বোচ্চ ৩ মাস) নিয়োজিত করে উক্ত কর্মকর্তার বিবরণসহ বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে।