সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণে কাজ শুরু করেছে জাতিসংঘের ২৫ সদস্যের প্রতিনিধি দল। ৪টি দলে বিভক্ত হয়ে ছোট ছোট ট্রলারযোগে তারা গতকাল মঙ্গলবার সকালে ছড়িয়ে পড়ে বনের বিভিন্ন প্রান্তে। বিশেষ করে শ্যালা নদীর যে স্থানে তেলবাহী ট্যাংকারটি ডুবেছিল, মূলত সেই স্থানেই অবস্থান করছে জাতিসংঘের পর্যবেক্ষণ দলটি। এখান থেকেই তারা কাজ করছে নদী-খালের বিভিন্ন পয়েন্টে। প্রাকৃতিক এ বনের বৃক্ষরাজী ও প্রাণীকূলের আচরণও গভীরভাবে পর্যবেক্ষণ করছে এ দলের সদস্যরা। নদীর পানি-মাটি ও গাছপালার উপর তেলের সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের প্রাথমিক নমুনা সংগ্রহ করছে তারা। এমিলিয়া ওয়ালসনের নেতৃত্বে প্রতিনিধি দলটি কাজ করছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, জাতিসংঘের দলটি ঠিক কতদিন বনের ভিতরে অবস্থান করবে তিনি নিশ্চিত নন। তবে তাদের কার্যক্রমে বনবিভাগ সহায়তা করছে। এদিকে বনের জীববৈচিত্র্যের সম্ভাব্য ক্ষয়ক্ষতি যাচাইয়ে কাজ করছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ খুলনা বিভাগের একটি পর্যবেক্ষক দল। এ দলের জলজপ্রাণী গবেষক মো. মফিজুর রহমান জানান, এখনও পর্যন্ত তারা তেলের ক্ষতিকর প্রভাবের তেমন কোন আলামত পাননি।
