নূর হোসেনকে ফেরতে অনুমতি মেলেনি কলকাতা আদালতের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ০০:০৪

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে দেশে ফেরত আনার ব্যাপারে গতকাল মঙ্গলবার পর্যন্ত আদালত থেকে অনুমতি মেলেনি। ফলে আইনি জটিলতা রয়েই গেছে। তবে আশা করা যাচ্ছে দু’-এক দিনের মধ্যে আদালত তাকে ফেরত পাওয়ার ব্যাপারে অনুমতি প্রদান করতে পারে।

এদিকে নূর হোসেনকে কী প্রক্রিয়ায় ফেরত আনা হবে সে ব্যাপারে পুলিশ সদর দফতর প্রস্তুতি নিয়ে রেখেছে। সূত্র জানায়, অনুমতি মিললে ‘পুশব্যাকের’ মাধ্যমে স্থলবন্দর দিয়ে ফেরত আনা হবে।
কলকাতা প্রতিনিধি তারিক হাসান জানান, নূর হোসেনের বিরুদ্ধে ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে দায়েরকৃত মামলাটির বিচারকার্য চলছে বারাসাত জেলা আদালতে। গতকাল পর্যন্ত বারাসাত জেলা আদালত নূর হোসেনকে ফেরত পাঠানোর ব্যাপারে কোন  আদেশ প্রদান করেনি বলে আদালত সূত্র নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নূর হোসেনকে ফেরত পাওয়ার ব্যাপারে বাংলাদেশ-ভারত সরকারের মধ্যে যতোই চিঠি চালাচালি হোক না কেন, বারাসাত জেলা আদালত যদি অনুমতি না দেয়, তা হলে কোন ভাবেই তাকে ফেরত আনা সম্ভব নয়। ফলে এই আইনি জটিলতায় আটকে আছে নূর হোসেনকে ফেরত পাওয়ার বিষয়টি। তবে আদালতের অনুমতি পাওয়ার সঙ্গে তাকে ভারত সরকার ফেরত পাঠাতে প্রস্তুত রয়েছে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা আশাবাদী দু’-একদিনের মধ্যে নূর হোসেনের ফেরত পাওয়ার ব্যাপারে ভাল খবর পাওয়া যাবে। কবে নাগাদ তাকে দেশে আনা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দু’-চার দিন লাগতে পারে। পুলিশ মহাপরির্দশক হাসান মাহমুদ বলেছেন, নূর হোসেনকে আনার ব্যাপারে পূর্ণ প্রস্তুতি চলছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, গত ৪ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত পররাষ্ট্র পর্যায়ের বৈঠকে নূর হোসেনকে ফেরত পাওয়ার ব্যাপারে তাগিদ দেয় বাংলাদেশ। ভারত আশ্বাস দিলেও দীর্ঘদিনে এর কোন অগ্রগতি হয়নি। তবে সর্বশেষ কয়েকদিন আগে আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে নূর হোসেনকে ফেরত দেয়ার বিষয়টি নিশ্চিত করে।

গত ১৪ জুন রাতে কলকাতার কৈখালী এলাকার একটি ফ্ল্যাট থেকে পুলিশ নূর হোসেন ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স আইনে মামলা করা হয়। বর্তমানে নূর হোসেনকে রাখা হয়েছে দমদম কেন্দ্রীয় কারাগারে।