খাদ্য আর খাদকের বন্ধুতা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ০০:২৪

 ‘ভেজিটারিয়ান লিওপার্ড!’ কে জানে– দুনিয়ায় এমন আজব প্রাণীও আছে নাকি কোথাও! নইলে হরিণ শাবকের মত এমন সুখাদ্য সামনে রেখে বসে আছে কেন চিতাটা? অবশ্য এটা ঠিক, বিড়াল গোত্রের প্রাণীরা শিকার ধরার পর তা নিয়ে কিছুক্ষণ খেলা করে। দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্ক থেকে তোলা এই ছবিও কি তেমন কিছু? রয়টার্সের উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার খবরটি প্রকাশিত হয় ব্রিটেনের ‘ডেইলি মেইলে’।

যিনি এই ছবি তুলেছেন, তার নাম আস্টিয়ান হোউয়ে। বয়স ৩১, এই বনেরই রেঞ্জার। দু’দিন আগে একদল ব্রিটিশ ও আমেরিকান পর্যটক নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এই বনে। হঠাত্ তাদের নজরে পড়ল একটা হরিণ শাবক নাক চেটে দিচ্ছে একটা চিতার। আর চিতাটাও মাঝে মাঝে আদর করে মুখ ঘষছে হরিণ শাবকটার মুখে, গলায়। অদ্ভুত ব্যাপার! সঙ্গে সঙ্গে ছবি তোলা শুরু করলেন তারা। রেঞ্জার হিসাবে আস্টিয়ান দীর্ঘকাল বনে বনে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু খাদ্য আর খাদকের এমন বিচিত্র বন্ধুত তিনি দেখেননি কখনো। তিনি জানেন, বাঘেরা অনেক সময় জীবন্ত শিকার ধরে তাদের সঙ্গে খেলা করে। এটা তেমন কিছুও হতে পারে। কিন্তু দেড় ঘন্টা ধরে তারা লক্ষ্য করলেন চিতাটি হরিণ শাবকটিকে খাওয়ার কোন আগ্রহই দেখাচ্ছে না। হরিণ শাবকটা মাঝে মাঝে সামান্য দূরে সরে যাচ্ছে আবার ফিরে আসছে। চিতাটা বসে আছে নিশ্চিন্তে। একবার হরিণ শাবকটা তার সামনের দুই পা চিতাটার গায়ের উপর তুলে দিয়ে শরীরটা টানটান করে দিল আড়মোড়া ভাঙার কায়দায়। তারপরও চিতাটার মধ্যে কোন ভাবান্তর লক্ষ্য করা গেল না। এক পর্যায়ে আরো একটা চিতা এসে যোগ দিল তাদের দলে। সে চিতাটাও বন্ধুর মত আচরণ করতে লাগল হরিণ শাবকটার সঙ্গে।

পর্যটকদের একজন বললেন, এমন হতে পারে যে, চিতা দুটো বসে হরিণ শাবকটাকে পাহারা দিচ্ছে এজন্য যে, ওর মা এলেই শিকার করবে তাকে। তবে আইএনজিডব্লিউই লিওপার্ড রিসার্চের গবেষক উইলিয়াম ফক্স বলেন, ‘মাকে ধরবে বলে কোন চিতা তার শাবককে জিম্মি করছে— এটা নেহাতই কষ্টকল্পনা। বাস্তবে এমন নজির নেই। এর আগে কেনিয়াতে বেশ কয়েকটি ঘটনায় সিংহের কাছে হরিণ শাবক লালন-পালন হতে দেখা গেছে। একবার বনের ধারের এক আদিবাসী গ্রাম থেকে একটা গরুর বাছুর ম্যা ম্যা করে ডাকতে ডাকতে ঢুকে পড়ে বনে। একটা সিংহ তাকে দেখে ধাওয়া করে। একদল পর্যটক যারা সেই ছবি তুলছিলেন, তারা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলেন একটা করুণ পরিণতি দেখার জন্য। কিন্তু তারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, যখন দেখলেন সিংহটা তাকে ধরে কাছে টেনে নিল। আদর করতে লাগল নিজের শাবকের মত। ঠিক তক্ষুণি ঘটল আরেক ঘটনা। আরেকটা সিংহ এসে আক্রমণ করতে চাইল বাছুরটাকে। আগের সিংহটা বাছুরটাকে পাশে ঠেলে দিয়ে লাফিয়ে পড়ল নবাগত সিংহের উপর। লড়াই করে সে প্রাণ বাঁচাল বাছুরটার। চিতা বিশেষজ্ঞদের ধারণা, দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের এই ঘটনাও খাদ্য আর খাদকের অনুপম বন্ধুত ছাড়া আর কিছু নয়।