আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মমতা আসলে এটাই হবে বাংলাদেশে তার প্রথম সফর।
গত সোমবার দুইদিনের জন্য কলকাতায় যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার সম্মানে পশ্চিমবঙ্গের গভর্নর কেশরিনাথ ত্রিপাঠি নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানাজির্, পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু, নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি উপস্থিত ছিলেন। একটি সূত্র জানায়, নৈশভোজে রাষ্ট্রপতি আবদুল হামিদ মমতা ব্যানার্জিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। মুখ্যমন্ত্রী সাদরে আমন্ত্রণ গ্রহণ করেন। আগামী ফেব্রুয়ারিতে মমতা বাংলাদেশে আসতে পারেন। সূত্র জানায়, আবদুল হামিদ ও মমতার মধ্যে তিস্তা চুক্তিসহ অন্য কোনো আলোচনা হয়নি। তাদের আলোচনা ছিল ঘরোয়া প্রকৃতির। ২০১১ সালে তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশে আসার কথা ছিল মমতার। ওই সফরে তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে মমতা না আসায় ওই চুক্তি হয়নি।
