সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে ক্রিসমাস ডে বা বড় দিন উপলক্ষেই বিতর্কিত নতুন ছবি ‘দ্য ইন্টারভিউ’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্বখ্যাত সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্স। তবে বৃহৎ পরিসরে নয়, খুব স্বল্প পরিসরে আমেরিকার মাত্র কয়েকটি প্রেক্ষাগৃহেই 'দ্য ইন্টারভিউ' মুক্তি দেয়া হবে বলে জানিয়েছে সনি।
এর আগে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন-কে গুপ্তহত্যার পরিকল্পনার একটি কাহিনী নিয়ে নির্মিত ‘দ্য ইন্টারভিউ’ সিনেমাটি ক্রিসমাসে মুক্তির কথা থাকলেও ২২শে নভেম্বর সনির কম্পিউটার সিস্টেম হ্যাক করা হলে সিনেমাটি মুক্তির তারিখ বাতিল করে দেয় কর্তৃপক্ষ।
সনিতে সাইবার হামলার পর, সিনেমাটি মুক্তির তারিখ বাতিলের এই সিদ্ধান্তকে ভুল বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামা।
শুধু তাই নয়, সনিতে ঐ সাইবার হামলার পেছনে উত্তর কোরিয়াই দায়ী বলে দাবী করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে ওয়াশিংটনের এই দাবিকে নাকচ করে দেয় পিয়ংইয়ং।
মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার জবাব দেয়ার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র এবং এর কিছুদিন পরই উত্তর কোরিয়ার ইন্টারনেট সংযোগ দীর্ঘসময়ের জন্য বন্ধ ছিল।
-বিবিসি বাংলা
