স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অর্জনের অঙ্গীকার আব্বাসের

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৪, ১৭:০০
 
 
 
জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ স্বীকৃতি অর্জনের প্রত্যয় ব্যক্ত করলেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আলজেরিয়া সফররত ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রধান আব্বাস স্থানীয় সময় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ লক্ষ্যে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করতে তার আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করেন। খবর সিনহুয়ার।
দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ১৯৬৭ সালে যেভাবে সীমান্ত নির্ধারণ করা হয়েছিল সেভাবেই জেরুজালেমকে রাজধানী রেখে আমাদের স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করা হোক। নিরাপত্তা পরিষদের কাছে এটাই আমাদের প্রধান দাবি। উত্তর আফ্রিকার এই দেশটিতে তিন দিনের সফরে গিয়েছেন আব্বাস। এ সফরে তিনি দেশটির শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং ফিলিস্তিনের  সাম্প্রতিক অগ্রগতি  তাদের কাছে তুলে ধরেন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণায় আরব বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আদায়ই তার এ সফরের মূল উদ্দেশ্য।
আব্বাস বলেন, কিছু ইউরোপীয় দেশ এবং তাদের পার্লামেন্টে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে ভোটাভুটি হয়। আমি এটা দেখে খুব আনন্দিত হয়েছি যে, তারা আমাদের পক্ষে ব্যাপকভাবে সাড়া দিয়েছে।
তবে ইসরায়েলের বসতি সম্প্রসারণের নীতির সমালোচনা করে তিনি বলেন, দেশটি আমাদের বিরুদ্ধে জাতিবিদ্বেষ নীতি গ্রহণ করেছে। এছাড়া তারা শান্তিচুক্তি বাস্তবায়ন করার বিষয়টিও এড়িয়ে যাচ্ছে বলে মনে করেন আব্বাস। এর ফলে শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তিনি আরো বলেন, এখন আমাদের লক্ষ্য হল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হওয়া।