গাজীপুরে আগামী ২৭ ডিসেম্বর যে কোনো মূল্যে সমাবেশ করার ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। বুধবার দুপুরে গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে নেতারা এ কথা জানান।
সমাবেশের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, আমরা প্রশাসন এবং কলেজ কর্তৃপক্ষ থেকে আগেই অনুমতি নিয়েছি। বৈধভাবে গণতান্ত্রিক কর্মসূচি পালন করব। এখানে সরকারের একটি সহযোগী সংগঠন অগণতান্ত্রিকভাবে বিশৃঙ্খলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২৭ ডিসেম্বর গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজ মাঠে মহানগর বিএনপির সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দেয়ার কথা রয়েছে। অন্যদিকে একই জায়গায় একই সময় সমাবেশের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। দুই দলের পাল্টাপাল্টি অবস্থানের কারণে গাজীপুর জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
